তোমার উপস্থিতি

প্রতাপ : অনলাইন-৪৩

। টিংকুরঞ্জন দাস ।

তুমি কাছে আসলেই 

ফিরে যাই যৌবনের সেই টুকরো সময়ের কাছে 

যারা আমাকে রক্তাক্ত করতে চেয়ে 

নিজেরাই চলে গেছে অজ্ঞাতবাসে। 


তুমি কাছে আসলেই 

আমার ভাঙ্গা পাঁচিলে রোদ এসে দাঁড়ায় 

থেমে যাওয়া ঘড়ির কাঁটা 

আবার চলতে থাকে নির্লজ্জভাবে। 


তুমি কাছে আসলেই 

রাত আর অন্ধকারের সমর্থক হয়ে উঠতে পারে না 

একাকিত্বের বেড়াজাল থেকে 

মুক্ত হয়ে পড়ে আবদ্ধ সত্বাগুলো। 


যান্ত্রিক শহরের কোলাহলে নিরব বটগাছটা 

আবার কথা বলতে শুরু করে 

আমার মধ্যে ঘুমন্ত পৃথিবীটা 

আমাকে মানুষ হতে টেনে নিয়ে আসে তার কাছে। 


তোমার চোখের দিকে তাকালেই 

রণক্ষেত্রে সমস্ত হাতিয়ার নামিয়ে রাখে শত্রু সেনারা 

রণক্লান্ত শরীরটা নেতিয়ে পড়ে তোমার পায়ের কাছে 

আমি দূর থেকে তাকিয়ে দেখি 

তুমি এতসব এড়িয়ে চলো কত অবলীলায়। 


তোমার একটু উপস্থিতিতে 

ইতস্তত ঘুরে বেড়ানো বর্ণমালারা পংক্তি হয়ে যায় 

বিশ্বাস করতে পারি আমারও কিছু করার ক্ষমতা আছে 

মেরুদন্ড সোজা রেখে নেমে পড়তে পারি অবিশ্বাসের জলাশয়ে। 


তোমাকে সাথে নিয়ে 

খুলে ফেলতে পারি শহরের সমস্ত রুদ্ধ কপাট 

তুমি যখন বল, চলো একটু ঘুরে আসি 

বিশ্বাস করতে বাধ্য হই 

এই শহর এখন অনেক কিছু দিতে পারে। 


তুমি কাছে এসে অনেক কিছু ফিরিয়ে দিয়েছো 

তুমি তাকিয়ে থেকে মেরুদন্ড সোজা রেখে চলতে শিখিয়েছো

তোমার কাছে অনেক ঋণ 

সেই ঋণের পরিমাণ আর একটু বাড়িয়ে বলো 

তুমি আমার হাতটি ছেড়ে যাবে না কোনদিন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...