। সুশান্ত মোহন চট্টোপাধ্যায় ।
প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি
কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,
এ যেন সন্তানহারা কোল খালি করা
এক মায়ের অব্যক্ত কান্নার অস্ফূট বাণী।
জমায়েত হয়েছিল শিলচর রেলস্টেশনে
একষট্টির উনিশে মে'র সকালে,
প্রতিবাদী নিরস্ত্র অসংখ্য জনতা
মাতৃভাষার অধিকার রক্ষায় অদম্য মনোবলে।
আকাশের মুখ ভার, বাতাসে গুমোট ভাব
দিন গড়ায়, সূর্য তখন অস্তপাটের দিশায়,
শান্ত পরিবেশে হঠাৎই গুলির আওয়াজ
এগারোটি তরুণ প্রাণ ঝরে মাটিতে লুটায়।
ভাষা মাতৃকার আঁচল রক্তে ভিজে যায়
দিগন্তের কৃষ্ণচূড়ারা সেই রঙ মেখে নেয় গায়,
বরাক ধলেশ্বরী কুশিয়ারার বুকে
কত জল গড়ায় তবুও পূর্ণ হয়নি দাবী এখনও,
আগ্রাসনের বিভীষিকায়, ভাষাজননী অসহায়।
প্রতি বছর উনিশ আসে কৃষ্ণচূড়ার সাক্ষ্য নিয়ে
আত্মত্যাগের সেই কথা শোনাতে আমাদের,
শহিদ বেদীমূলে লেখা হয় নতুন ইতিহাস
"জান দেবো, জবান দেবো না" এই অঙ্গীকারে।
দশভাই চম্পার একবোন পারুল শুধু নয়
দিয়েছে প্রাণ আরো তিন বাচ্চু, দিব্যেন্দু, জগন্ময়,
প্রয়োজনে আমরা আবারও শহিদ হবো
এই হোক উত্তরসূরীর শপথ, ঈশানের পরিচয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন