সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী ।

গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাবনা, যা আমাদের নিয়ে যেতে পারে মন যেখানে নিয়ে যেতে চায়। আর এখানেই গল্পের সার্থকতা, যে গল্প শুধু গল্প নয়, সে আমাদের জীবনের অবিচ্ছিন্ন কিছু অংশ, কিছু ছিঁড়ে ফেলা পাতা আর কিছু ভুলে যাওয়া ক্ষত।

রবিবার সকালে কবি, সাহিত্যিক, কলেজ বন্ধু শৈলেন দাস ঘরে পৌঁছে দিয়ে গেলেন ‘প্রতাপ’-এর উপহার, সঙ্গে তাঁর সদ্য প্রকাশিত গল্পের বই ‘শুধু গল্প নয়’। না, তাঁকে কোনো লৌকিকতা করে ধন্যবাদ জানানোর বিশেষ ইচ্ছে নেই। বইটি হাতে পেয়ে যে একরাশ আনন্দ হয়েছে, তা নিজস্ব ভাষায় নিজের কলমে লিখে দিলে হয়তো সাহিত্যিককে ধন্যবাদ জ্ঞাপন সার্থক হবে।


যা বলছিলাম, ‘শুধু গল্প নয়’ আসলেই শুধু গল্প নয়। আমি যদিও গল্প লিখতে পারি না, তাও মাঝে মাঝে ভাবি, আমরা এই যে এত এত মানুষ, প্রত্যেকের জীবনকথা, দিনের এক একটা টুকরো, ঘটনা ও পরিঘটনা, বাস্তব বা কাল্পনিক, সব মিলিয়ে তো কত কত গল্প হতে পারে! সামান্য বিষয়বস্তু নিয়ে কখনো গল্প সৃষ্টি হয় এবং সে গল্প যদি কলমের ছোঁয়ায় প্রাণ পেয়ে যায়, তখন সে শুধু গল্প থাকে না, আমাদের মানসিক আলোড়নে ও অবচেতন মনে তার প্রভাব মুক্ত হয়। সাহিত্যিক বন্ধু ঠিক সেভাবেই গল্প বনাম বাস্তব চিত্রায়ণ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তাঁর সহজ, সাবলীল লেখনকৌশল অবলম্বনে।

গল্পকার বন্ধু লিখেছেন, ‘মানুষের জীবনে কিছু সম্পর্ক এমন হয়, যেগুলির কোনো নাম থাকে না।’ কথাটা নিতান্ত বাস্তব ও আমাদের সকলের জীবনেই এমন অনেক সম্পর্ক আছে বা থাকবে। মানুষ সামাজিক প্রাণী। যেহেতু সে সমাজব্যবস্থার এক বিশেষ অঙ্গ, তাকে নিত্যদিন বিভিন্ন মানুষের সংযোগে আসতে হয়, ঘরে-বাইরে, বাজারে-হাটে, কর্মস্থলে বা অন্য কোথাও। এমন সংযোগে আসতে গিয়ে অনেক সময় কোনো পরিস্থিতি মনে দাগ কেটে যায়, কোনো মানুষকে এক দিনের পরিচয়েও আমরা ভুলতে পারি না, বা বহুদিনের সান্নিধ্যেও কেউ মনের কাছাকাছি আসতে পারে না। এমন অনেক সম্পর্কের সরলতা বিভিন্ন বিরল আবহে এসে হারিয়ে যায়, অথচ তার প্রতিবিম্ব মনের গভীর গহনে চুপ মেরে বসে থাকে, শুধু একাকী মনের এক অতৃপ্ত বাসনার মতো, হঠাৎ আসা এক ঝড়ো হাওয়ার মতো কখনো নড়েচড়ে বসে। তখন গল্প শুধু গল্প থাকে না, আমাদের মস্তিষ্কের জটিল রসায়নের প্রভাবে প্রেম, বিরহ, গ্রহণ কিংবা প্রত্যাখ্যান, একাকিত্ব কিংবা বন্ধুত্ব, বিবিধ ভাব ও বোধের জন্ম দেয়। গল্পকারের প্রতিটি গল্প এমন এক-এক মানসিক বোধের প্রদর্শন করেছে ও তার পরিপ্রেক্ষিত অবস্থান ও বিষয়বস্তুর যথার্থ আবেদন প্রতিষ্ঠিত করেছে। এমন কলম চলতে থাকুক, গল্পের সত্যতা ও নিত্যতা প্রচার ও প্রসার হতে থাকুক, এমন কামনা রইল। সকল পাঠকগণকে জানাই আগাম শারদ শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রীতি ও ভালোবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...