। চান্দ্রেয়ী দেব ।
শহর জুড়ে বৃষ্টি নামলো,
তনুদ্বয়ে বারিকণার পরশ নেই।
দুজনে দাঁড়িয়ে আছি স্বপ্নের বালুচরে,
স্নিগ্ধতার অবকাশে অপলক চাহনির রেখাপাত।
ভালোবাসা যেন সেই মুহূর্তের নীরব সঙ্গী।
জীবনের অর্ধসমাপ্ত কঠিন অঙ্কের
খুব সহজেই বেরিয়ে আসে তার যোগফল।
যোগ-বিয়োগের মাঝখানে ইতস্তত,
হৃদয় কোনোভাবেই হারায় না তার পথ।
বিপত্তির বেড়াজালের বাঁধন অনায়াসে খুলে যায়।
নুড়ি পাথরে ভরপুর আঁকাবাঁকা অন্তহীন মুখপানে,
ফুলের বাহারে সেজে আছে মাইলের পর মাইল।
তোমার চোখে দেখেছি আমার নামের আলো,
তোমার কণ্ঠে শুনেছি অস্তমিত হয় না প্রেমের প্রবন্ধ।
তোমার শক্ত হাতের ভাঁজে ছোঁয়া পাই বিশ্বাসের,
তোমার কাঁধে মাথা রাখলেই শান্তির ঘুম আসে দুচোখে।
ভালোবাসা কি তারেই কয়......
যেখানে ঝড় উঠলে বোঝা যায় না,
মেঘ ডাকলে শোনা যায় না,
বৃষ্টি নামলে অনুভব হয় না।
ভালোবাসা কি তারেই কয়.....
একান্তে কিছুক্ষণ কনীনিকার গভীরে ডুবে থাকা যায়,
অনুরাগের আলাপনে বিভোর ভাসমান মনের দুই কিনারায়।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন