আমি আজকের বাঙালি
। সুচরিতা দাস ।
আমি আজকের বাঙালি,
বাংলা দিন-তারিখের হুঁশ নেই,
নববর্ষের থেকে আমার ক্রিসমাস আর নিউ ইয়ারে ঝোঁক বেশি।
ছেলে-মেয়ে আমার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে; ইংরেজি, হিন্দিতে পারদর্শী,
শুধু বাংলাতেই যা কাঁচা—এই বাতেলা ছাড়তে পারলেই আমি খুশি।
আমি আজকের বাঙালি,
উনিশে-একুশে শহিদেরা কি বোকাই না ছিল, বেঘরে নিজেদের প্রাণ দিল,
মাতৃদুগ্ধসম মাতৃভাষা বিলুপ্ত হয়ে যাক, তাতে আমার কী?
আমি আজকের বাঙালি,
বাংলা সাহিত্যের খবর কে রাখে আজকাল?
ইংরেজি বই হাতে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিলে বাড়ে স্ট্যাটাস।
আমি আজকের বাঙালি,
পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষায় কথা বলতে আমার লজ্জা পায়,
তাই তো অন্যভাষী কাউকে পেলে, আগ বাড়িয়ে তার ভাষায় বাহাদুরি ঝাড়তে লাগি।
তাতে কী হল যদি কেউ আমার জন্য নিজের ভাষা না-ই ছাড়ল,
আমি তো যত্রতত্র বাংলার অপমান মুখ বুজে সইতে পারি।
তাতে কী হল যদি আমার ভবিষ্যৎ প্রজন্ম
বাংলা লিখতে-পড়তে না পারলেও বাংলিশ বলতে পারে,
তাতে কী হল, যদিও আমি আর শাড়ি-ধুতির কুঁচিতে আটকে নেই—জাতে তো বাঙালি!
আমি আজকের বাঙালি,
কচুর শাক আর নলেন গুড়ের রসগোল্লায় আজ মন নেই আর,
সারাক্ষণ মুখে স্বাদ লেগে থাকে চাইনিজ, থাই, সুইস—আরও কত শত ডেলিশাস ডিশ!
আমি আজকের বাঙালি,
একদিন সমস্ত বিশ্বকে পথ দেখানো সেই বাঙালি আমি
আজ নিজের আত্মসম্মান আর স্বকীয়তা ভুলতে বসেছি,
তাতে কী হল যদি সব বাঙালিয়ানার সীমা ছাড়িয়ে একদিন
আমার বাঙালি অস্তিত্বটাই চিরতরে যায় হারিয়ে?!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন