শৈলেন দাস ও প্রতাপ : সময়ের প্রত্যুত্তর

প্রতাপ : অনলাইন-৫৯

। মানসী সিংহ ।

হঠাৎ কলম ধরে ফিরে গেলাম ২০১২ ইংরেজির একটি অনুষ্ঠানে—‘প্রতাপ’-এর প্রথম প্রকাশ। সম্পাদক শৈলেন দাস। খুব অমায়িক অথচ দৃঢ়, নম্র অথচ দৃষ্টিতে অবিচল প্রখরতা, অচঞ্চল অথচ ভীষণ উদ্যমী সেই ছেলেটি আজ প্রতিষ্ঠিত কবি, সাহিত্যিক, সম্পাদক ও সমাজের প্রতি দায়বদ্ধ পরিণত ব্যক্তি।

সাগরের বুকে মুক্তোর শোভা - ধীরে ধীরে ‘প্রতাপ’ আজ পরিণত। বরাকের সাহিত্যের আঙিনায় মঞ্চের শোভা। মঞ্চ প্রদান ও মঞ্চ ব্যবস্থাপনার মধ্যে অনেক পার্থক্য। বর্তমান বিশ্বায়ন তথা সংস্কৃতি ধারণ-প্রক্রিয়ার এই মহা-বিপর্যয়ের সময় একটি সম্পাদনা-সত্তাকে সচেতনায় উদ্বুদ্ধ করে সামাজিক উত্তরণ ঘটিয়ে স্বগর্বে স্বাধীন পরিচয়ের সহিত অবস্থান করানো চাট্টিখানি কথা নয়। স্বকীয় সত্তাকে ক্ষুদ্র স্বার্থের বেড়াজালে আবদ্ধ করে উপনীত হওয়া যেখানে কণ্টকাকীর্ণ পথ, সেখানে এই দায়িত্ববোধ, এই পথচলা আমার দৃষ্টিতে অন্তত অসহজতর এক অমোঘ প্রক্রিয়া।

পৌরাণিক শাস্ত্রজ্ঞ ও আধুনিক সাহিত্য-সমালোচকরাই বলে গেছেন বা বলেছেন, কবি-সাহিত্যিক সাধারণত দুই প্রকারের হন—এক ধরনের সাহিত্যিক নিজের লেখার মাধ্যমে সমাজকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন; যেরকম, ঠিক সেরকম আরেক প্রকারের সাহিত্যকর্মী আবার সমাজের প্রয়োজনে সমাজের সামগ্রিক সাংস্কৃতিক উন্নয়নের জোয়ার তোলার কার্যে আত্মনিয়োগ করেন। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে কনফুসিয়াসের লেখাই সমগ্র চীনা সমাজকে পাল্টে দিয়েছিল। অন্যদিকে, বর্তমান বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ও সভ্য বলে পরিচিত ব্রিটিশদের সভ্য নাগরিক করে তুলেছিল সমকালীন ব্রিটিশ কবিদের ব্যঙ্গাত্মক কবিতাই। বেশি দূরে নয়—আমাদের রবীন্দ্রনাথ ও নজরুলের প্রকৃত উদাহরণ রয়েছে।


অগণন নক্ষত্রখচিত আকাশে জীবনদীপ খোঁজার মতোই শৈলেনের হাত ধরে এক ঝাঁক তরুণ কবি-সাহিত্যিক আত্মপ্রকাশ করেছে, মঞ্চ পেয়েছে এবং কাব্যপ্রাণ হয়ে কবিতার বিশাল সাগরে স্নাত হয়ে স্বপ্ন দেখার সাহসিকতা অর্জন করেছে।

আজ চৌদ্দটি বছর ধরে ‘প্রতাপ’ এবং শৈলেনের উদ্যমতা স্বাক্ষর রেখে যাওয়ার পথে অঙ্গীকারবদ্ধ। জয়মণি, সুরজ, সুচরিতা... আরও অনেক অনেক নব-প্রস্ফুটিত পুষ্প জ্যোতির্ময় হয়ে উঠুক। কাব্যকানন মুখরিত হোক। অন্ধ আকাশ, স্তব্ধ বাতাস ও ত্রস্ত সমাজজীবনের সত্যিকারের জীবনপট বিশ্ববাংলা সাহিত্যের আঙিনায় ফুটে উঠুক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...