ভূরো

প্রতাপ : অনলাইন-৫২

। যোগেন্দ্র চন্দ্র দাস ।

ভূরো খুবই দরিদ্র পরিবারের একটি ছেলে। ছোটবেলায় ওর বাবা-মা মারা যায়। পেটের দায়ে একটি বড় দোকানে সে কাজ করে। মালিকের ফরমাশমতো মালপত্র মেপে দেওয়া, তারপর ব্যাগ গুছিয়ে ভরে খদ্দেরের হাতে তুলে দিয়ে সাহায্য করা, এই তার কাজ।

ছেলেটির ব্যবহার খুবই মিষ্টি। এতে মানুষ খুশি হয়ে তার দোকানে আসত। কেমন যেন একটা মায়া লেগে যেত। আর এতে মালিকের ব্যবসাও দিন দিন বেড়েই চলেছে।

সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। এক বয়স্কা ভদ্রমহিলা দোকানে এলেন। তিনি দোকানের নিয়মিত খদ্দের। তাঁর আত্মীয়-পরিজন কেউ ছিল না। একমাত্র পুত্র ও পুত্রবধূ পূর্বেই মারা যান। প্রতি সপ্তাহেই একটি গাড়ি ভাড়া করে নিজেই বাজার করতে বের হন। সেদিন দু-হাতে দু-ব্যাগভর্তি জিনিস নিয়ে দোকান থেকে বেরিয়ে সবেমাত্র উল্টো দিকের ফুটপাতে গেছেন, আর সেই সময়ই আকাশ ভেঙে এল বৃষ্টি। মহিলা হতভম্ব হয়ে ফুটপাতের একটা ঝুলবারান্দার নিচে কোনোমতে গিয়ে মাথাটি গুঁজলেন। যদিও প্রবল ঝাপটা যেভাবে বারংবার আছড়ে পড়ছে, তাতে মালপত্রসহ তিনি ভিজতে আর বেশিক্ষণ লাগবে না। দু-হাতে দু-ব্যাগ, তাই ফোন বের করে চালককে ফোনও করতে পারছেন না।

দোকান থেকেই ভূরো ওই প্রৌঢ়া মহিলার দুরবস্থা দেখে একটা ছাতা নিয়ে মহিলার হাতে দেয় এবং নিজে দু-হাতে দু-ব্যাগ নিয়ে ভদ্রমহিলাকে গাড়ি পর্যন্ত দিয়ে আসে।

কাকভেজা হয়ে যখন সে দোকানে ফিরে এল, মালিকও নিজ হাতে ওকে গামছা এগিয়ে দিল ভিজে শরীর মোছার জন্য। ছেলেটির এই দরদি মন সবার মনপ্রাণ কেড়ে নেয়।

এরপর থেকে যখনই ওই মহিলা দোকানে আসতেন, ছেলেটিকে নিজের সন্তানের মতো স্নেহ-আদরে ভরিয়ে দিতেন। দু-দণ্ড সুখ-দুঃখের কথা বলতেন। তাঁর মৃত পুত্রকে যেন পুনরায় ওর মধ্যে ফিরে পেলেন। দোকানের মালিক ও অন্যান্য কর্মচারীরাও সানন্দে বিষয়টা উপভোগ করত।

হঠাৎ ভদ্রমহিলা অসুস্থ হয়ে যান এবং মালিককে বলে-কয়ে ভূরোকে বাড়ি নিয়ে যান। তার সেবা-শুশ্রূষায় তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে সেই ছেলেটি তাঁর আশ্রয়ে ও আনুকূল্যে একজন সফল ব্যবসায়ীরূপে জীবনে প্রতিষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...